হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্ব পালনকালে পিকআপ দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে থার্ড টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।
আহতরা হলেন—করপোরাল আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।
আইএসপিআর জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় থাকা ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন বিমান সেনার মৃত্যু হয়। আহত চারজনকে দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার কারণ এবং কীভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে পড়ে গেল, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.