গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার হলেন আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর এই দায়িত্বে তিনি গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের নেতৃত্ব দেবেন এবং নেটওয়ার্ক উৎকর্ষতা, ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন। একইসঙ্গে তিনি বিশ্বমানের কানেক্টিভিটি ও গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করবেন।

সোমবার (আগস্ট ৩১) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপে প্রায় ২৩ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে আল-আমিনের। দীর্ঘ কর্মজীবনে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়ন, পরিচালন কার্যক্রম, প্রকিউরমেন্ট এবং প্রযুক্তিগত রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োগের আগে আল-আমিন গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন। এর আগে তিনি চিফ প্রকিউরমেন্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের সোর্সিং কৌশল ও প্রকিউরমেন্ট কার্যক্রম পরিচালনা করেন। তাঁর আন্তর্জাতিক কর্ম-অভিজ্ঞতার মধ্যে রয়েছে টেলিনর ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন, যেখানে তিনি দেশটির নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির আওতায় বৃহৎ পরিসরের রূপান্তরমূলক উদ্যোগের নেতৃত্ব দেন। গ্রামীণফোনে তাঁর কর্মজীবনে তিনি হেড অব রিজিওনাল অপারেশনস, হেড অব পার্টনার ম্যানেজমেন্ট এবং হেড অব অপারেশনাল এক্সেলেন্স অ্যান্ড এফিশিয়েন্সিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট টিমে আল-আমিনকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে তৈরি হওয়া একজন লিডারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। গত কয়েক বছরে আল-আমিন আমাদের প্রযুক্তি বিভাগের একজন গুরুত্বপূর্ণ অবদানকারী হিসেবে কাজ করেছেন এবং একইসঙ্গে টেলিনর গ্রুপের বিভিন্ন আন্তর্জাতিক দায়িত্বও সফলভাবে পালন করেছেন। গ্রামীণফোনকে আরও প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎ-প্রস্তুত একটি প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা ইতোমধ্যে একটি উচ্চাভিলাষী যাত্রা শুরু করেছি। একইসঙ্গে ডেটা মার্কেটে নেতৃত্ব আরও শক্তিশালী করা এবং আমাদের গ্রাহকদের পরিবর্তনশীল ডিজিটাল চাহিদা পূরণে সক্ষমতা বৃদ্ধির কাজও এগিয়ে চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল-আমিনের নেতৃত্ব আমাদের এই রূপান্তরকে আরও এগিয়ে নিতে, প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং আমাদের গ্রাহকদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নতুন দায়িত্বে আমি তাঁর সার্বিক সাফল্য কামনা করছি এবং তাঁর নেতৃত্বে আমাদের টিম আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমি আশাবাদী।”

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, “গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। প্রায় ২৩ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে আমি আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কাজ করে প্রযুক্তিগত ভিত্তিকে আরও শক্তিশালী করতে, রূপান্তরের গতি ত্বরান্বিত করতে এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ-প্রস্তুত সংযোগসেবা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ।”

নেতৃত্ব বিকাশের অংশ হিসেবে আল-আমিন টেলিনর গ্রুপের বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে টেলিনর অ্যাকসেলারেট লিডারশিপ প্রোগ্রাম, টেলিনর অ্যাকসেলারেট চেঞ্জ এক্সেলেন্স প্রোগ্রাম এবং টেলিনর কোর লিডারশিপ প্রোগ্রাম। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন। তিনি লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামও সম্পন্ন করেছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.