২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন ওয়েবসাইট প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইট xiclassadmission.gov.bd।
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। ভর্তির যোগ্যতা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। এদিকে নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের বিজ্ঞাপনে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনও ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপনে কোনও শিক্ষার্থী বা অভিভাবক প্রতারিত হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.