জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে গবেষণায় অর্থায়ন করবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি-এর বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় কৃষিভিত্তিক একটি গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

সোমবার (৩১ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

‘ক্লাইমেট রেজিলিয়েন্ট সাসটেইনেবল ক্রপ, ফিশারিজ অ্যান্ড লাইভস্টক ডেভেলপমেন্ট ইন হাওর অ্যাগ্রো-ইকোসিস্টেম অব বাংলাদেশ’ শীর্ষক বিশেষ প্রকল্পটি বাস্তবায়নের জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের হাওর অঞ্চলে ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় জলবায়ু-সহনশীল প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। পাশাপাশি কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই ও জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

প্রাইম ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা অর্থায়নের মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতজুড়ে সমন্বিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা এবং ব্যবহারিক প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে হাওর অঞ্চলের কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউর রহমান এবং অ্যাগ্রো বিজনেস বিভাগের প্রধান শাহানা পারভীন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান গবেষক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাকৃবির সহযোগী পরিচালক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. পরেশ কুমার শর্মা। এছাড়াও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.