জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে আবেদন করেছেন যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল. হল।
লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর এ আবেদন করেন। গত ২৪ আগস্ট আবেদনটি গ্রহণ করেছে বার কাউন্সিল।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, তার সঙ্গে কাজ করার জন্যই যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল. হল বার কাউন্সিলে আবেদন করেছেন।
তবে বিদেশি এই আইনজীবীকে বাংলাদেশে মামলাটিতে আইনগতভাবে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা ও কর্মকাণ্ডের কারণে রাজধানীর মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-১০ ও মিরপুর-১৩ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। এসব হামলা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছে প্রসিকিউশন। মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলনের সময় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনে কথোপকথনও হয়।
বর্তমানে সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করছেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হলকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদন না পাওয়া পর্যন্ত মামলায় বিদেশি এই আইনজীবীর অংশগ্রহণ নিশ্চিত নয়। ফলে তার আবেদন অনুমোদন পায় কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.