কিয়েভে রুশ হামলায় নিহত ৩৮, এখনো নিখোঁজ ৪

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে একটি গোলাবারুদ স্থাপনায় রুশ হামলার পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের মধ্যে তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (৩০ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান।

জেলেনস্কি বলেন, শুক্রবার রাতে কিয়েভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় রুশ হামলার পর সেখানে বিস্ফোরণ ঘটে। ওই স্থাপনায় আর্টিলারি শেল, মাইন, ড্রোনসহ বিভিন্ন ধরনের গোলাবারুদ মজুত ছিল। বিস্ফোরণের পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি জানান, উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণকারী দল আগুনের বেশির ভাগই নিয়ন্ত্রণে এনেছে। তবে হামলাস্থলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ও ঝুঁকিপূর্ণ সামগ্রী ছড়িয়ে থাকায় উদ্ধারকাজ এখনও অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। নিখোঁজদের সন্ধানে পরিস্থিতি বিবেচনায় অভিযান চালিয়ে যাওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে জেলেনস্কি উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণ দলের সদস্যদের ধ্বংসস্তূপ সরানো এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করার দৃশ্য প্রকাশ করেছেন।

এদিকে জেলেনস্কির দাবি, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনজুড়ে প্রায় ২ হাজার ড্রোন, ১ হাজার ৬০০টির বেশি আকাশবোমা এবং ৩১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে তিনি দাবি করেন।

জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিটি হামলা ও কথিত অপরাধের জবাব দেওয়ার জন্য ইউক্রেন কাজ করছে। রুশ হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

শুক্রবারের হামলাটিকে চলতি বছরে কিয়েভ অঞ্চলে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.