আগামী পাঁচ দিন দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস
আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২৮ আগস্ট) : রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২৯ আগস্ট) : রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এই আটটি বিভাগেরই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার (৩০ আগস্ট) : দেশের সব কটি বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৩১ আগস্ট) : আট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পরবর্তী পাঁচ দিনেও দেশে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.