সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে আশরাফুল হক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।

সিআইডির আবেদনে বলা হয়, ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বিষয়ে তথ্য এবং ডনের বিদেশে যাওয়ার চেষ্টার কারণ সম্পর্কেও তথ্য পাওয়ার আশা করছে তদন্ত সংস্থা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের অক্টোবরে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরপর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

দীর্ঘদিনের আলোচিত এ মামলায় ডনের রিমান্ডের মধ্য দিয়ে তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.