পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা

ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ইন্দোনেশিয়ার চলমান পারমাণবিক শক্তি কর্মসূচির জন্য একটি উন্নত নিয়ন্ত্রণ কাঠামো তৈরিতে ইন্দোনেশিয়াকে সহযোগিতা প্রদান করছে রাশিয়া। এরই অংশ হিসেবে সম্প্রতি জাকার্তায় উভয় দেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা রোসটেকনাদজর-এর উপপ্রধান অ্যালেক্সি ফেরাপন্তভ, ইন্দোনেশিয়ার পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ সংস্থার এবং পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দসহ রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন।

আলোচনায় দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড বিবেচনা করার পাশাপাশি রাশিয়ার লাইসেন্সিং ও তদারকি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নিরাপত্তা বিধিমালা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়।

অ্যালেক্সি ফেরাপন্তভ পারমাণবিক স্থাপনার পুরো জীবনচক্র নিয়ন্ত্রণে রাশিয়ার দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইন্দোনেশিয়ার পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আরিফিন বলেন, ইন্দোনেশিয়া একটি নির্ভরযোগ্য ও কার্যকর পারমাণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রোসটেকনাদজর-এর সঙ্গে আরও গভীর সহযোগিতা এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রক অভিজ্ঞতা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে, ইন্দোনেশিয়ায় রসাটম কার্যালয়ের প্রধান আনা বেলোকোনেভা জানান, পারমাণবিক প্রকল্পের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ কাঠামো প্রস্তুতিতে ইন্দোনেশিয়াকে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করতে রাশিয়া তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করতে সম্পূর্ণ প্রস্তুত।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.