জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিল এনসিসি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি।

রোববার (২৩ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন এমপির উপস্থিতিতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের পরিচালনা বোর্ডের সিনিয়র সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, ডেভেলপমেন্ট অ্যাডভাইজার অধ্যাপক ডা. শাহ আলম আশরাফী, সিইও সৈয়দ মেজবাহ আলম, অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এনসিসি ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা উন্নয়নে সরকার কাজ করছে। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, এনসিসি ব্যাংকের মতো অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখবে।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা, প্রান্তিক কৃষকদের সহায়তা, কৃষি গবেষণায় অর্থায়ন, সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা, চরাঞ্চলের জীবনমান উন্নয়ন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকটি কাজ করছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সটি হৃদরোগে আক্রান্ত রোগীদের জরুরি ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.