হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটির ছবি শেয়ার করেন তিনি।

এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্ক অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করার পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে তেহরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রও।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির পর হরমুজ প্রণালির অবরোধ তুলে নেয় ইরান। একই সময়ে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌবাহিনীর প্রহরাও প্রত্যাহার করা হয়।

তবে ১৩ জুলাই ইরান ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে গিয়ে হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করে। বর্তমানে সেই অবরোধ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে সামরিক ঘাঁটি জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতেছে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সেগুলো সরিয়ে জলপথটি মাইনমুক্ত করছে।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরানের আর কোনো নিয়ন্ত্রণ নেই এবং পুরো প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.