যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে এখনও রাজি নয় তেহরান: ট্রাম্প

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি সামরিক বিকল্পও খোলা রাখার কথা জানিয়েছেন তিনি।

দক্ষিণ ক্যারোলিনায় যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার ট্রাম্প বলেন, ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তার বিবেচনায় একটি গ্রহণযোগ্য চুক্তির জন্য এখনো প্রস্তুত নয়।

ট্রাম্পের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে চাপের মুখে ফেলতে নতুন করে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। বুধবার তেহরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা করে ইরানকে সহযোগিতা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা এবং কঠোর অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের কারণে ইরানের অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে। নতুন করে আরোপ করা অর্থনৈতিক চাপ দেশটির ওপর কতটা প্রভাব ফেলছে, সেটি পর্যবেক্ষণ করতে চায় যুক্তরাষ্ট্র।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে ট্রাম্প দাবি করেন, দেশটি গুরুতর অর্থনৈতিক ও সামরিক সংকটে রয়েছে। তার ভাষ্য, ইরানের অর্থের সংকট রয়েছে, নৌ ও বিমানবাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং সেনা ও পুলিশ সদস্যদের বেতন পরিশোধেও সমস্যা হচ্ছে। দেশটিতে মূল্যস্ফীতিও অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন ট্রাম্প। তার ভাষ্য, কৌশলগত এই জলপথের পাশাপাশি এর আশপাশের দক্ষিণ ইরানি ভূখণ্ডের ওপরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.