ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলা, নিহত ১৬

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহরের একটি শপিং মলে জোড়া ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১৩০ জন। আহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে। হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হলেও আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলার সময় ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শপিং মলটিতে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে দুটি শিশু। আহতদের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, প্রথম ড্রোন হামলার পর উদ্ধারকাজ চলার সময় দ্বিতীয় হামলা চালানো হয়। এতে উদ্ধারকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীরাও হামলার লক্ষ্যবস্তু হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে এ হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই দিনে ইউক্রেনের মাইকোলাইভ, খারকিভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন।

এর পাল্টা জবাব হিসেবে শুক্রবার রাশিয়ার একটি তেল শোধনাগার ও সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। চলমান সংঘাতের মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বেসামরিক হতাহতের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.