মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে তার প্যারোলে মুক্তির পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নেওয়াজ। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি জানান, তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। চলতি বছরের ২৭ মে হুইলচেয়ারে করে স্বজনরা তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে।
তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দীপু মনি ও স্বজনদের রেখে গেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.