হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৯ শিশুর। এ ছাড়া হামে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। এ নিয়ে এই সময়ে মোট ৯১৮ শিশু মারা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৫৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২। এই সময়ে ৯০৩ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৮৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৬ হাজার ২৮৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.