উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিবিএ ৭৩ ও ৭৪তম ব্যাচ এবং এমবিএ ৭০ ও ৭১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পথচলাকে স্বীকৃতি দিয়ে সম্মাননা প্রদান এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ‘ইওর ক্যারিয়ার, ইওর ফিউচার: দ্য রোড টু প্রফেশনাল সাকসেস’ শীর্ষক বিশেষ ক্যারিয়ার নির্দেশনামূলক সেশন। এতে সেশন পরিচালনা করেন স্টার সিনেপ্লেক্সের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন লায়লা নাজনীন। একজন অভিজ্ঞ স্ট্র্যাটেজিক এইচআর লিডার, করপোরেট ট্রেইনার এবং এক্সিকিউটিভ কোচ হিসেবে তিনি শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ে তোলা এবং প্রতিযোগিতামূলক পেশাজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে লায়লা নাজনীন বলেন, পেশাগত দক্ষতা অর্জন, ‘গ্রোথ মাইন্ডসেট’ বা বিকাশমুখী মানসিকতা তৈরি এবং সচেতনভাবে ক্যারিয়ার-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের শুধু একাডেমিক যোগ্যতার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত নতুন কিছু শেখা, নেতৃত্বদান, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, একাডেমিক প্রত্যাশা ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতাকে উদ্যাপন করার এ আয়োজনটি একপর্যায়ে নবীন-প্রবীণদের এক মিলনমেলায় পরিণত হয়।
আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা পুরো আয়োজনে উৎসবের আবহ তৈরি করে। নতুন শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরির মধ্য দিয়ে আনন্দমুখর এ অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.