৭০ অনুচ্ছেদ বাতিল চেয়ে করা রিটের ওপর আদেশ মঙ্গলবার

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা আবেদনের ওপরও কাল আদেশ দেওয়া হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য যে দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটের ওপর শুনানি শেষ করে আগামীকাল আদেশ দেওয়ার দিন ঠিক করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল রিটের বিরোধিতা করেন। তিনি আদালতকে রিটটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তা খারিজ করার আবেদন জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ এর আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে একই ধরনের একটি আবেদন হাইকোর্টে করেছিলেন। আদালত তখন আবেদনটি খারিজ করে দেন। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো আপিল করেননি।

অন্যদিকে, রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ আদালতকে বলেন, ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীনভাবে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ সীমিত করে। এতে সংসদের স্বাধীনতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রিটে ৭০ অনুচ্ছেদ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারির আবেদন করা হয়। এ ছাড়া রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.