বাংলাদেশে আসছে ভারতের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল

ভারতের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। আজ সোমবার দুই দিনের সফরে ঢাকায় আসছে ১৮ সদস্যের এই প্রতিনিধিদল। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।

১৮ সদস্যের এই প্রতিনিধিদলে আরও রয়েছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট রাকেশ স্বামী, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা কে এল্লা, দ্য ইনফ্রাভিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি বিনায়ক চ্যাটার্জি, অরবিন্দ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পরম শাহ, এলএমডব্লিউ গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা পি জে রাজেশ, মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধান রাজেশ গুপ্ত, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টসের দক্ষিণ এশিয়া প্রধান কৃষ্ণা খাটোওয়ানি, ফোর্বস মার্শালের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) দীপক শর্মা এবং অ্যাপোলো হসপিটালসের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) এম এস গুরু প্রসাদ প্রমুখ।

এই প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবে। আগামীকাল দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেবেন। একই দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুই দেশের বাণিজ্য সম্পর্কে কিছুটা টানাপোড়েনের মধ্যে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসছে। সমুদ্র ও স্থলবন্দর ব্যবহারে ভারতের বিভিন্ন বিধিনিষেধের কারণে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

সরকারি সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। তবে এ বাণিজ্যে বাংলাদেশের বিপুল ঘাটতি রয়েছে। বাংলাদেশ ভারত থেকে বেশি পরিমাণ পণ্য আমদানি করে। বিপরীতে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.