আমদানি ফলের এলসি খোলায় শতভাগ নগদ মার্জিনের শর্ত শিথিল

আমদানি করা ফলের দাম কমাতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শিশু, রোগী, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীসহ সবার খাদ্যতালিকায় ফল গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার। তবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের মতে, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আগের তুলনায় স্থিতিশীলতা ফিরেছে। ডলারের সরবরাহও স্বাভাবিক রয়েছে এবং এর দাম কমতির দিকে। ফলে ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের আগের শর্ত আর প্রয়োজন নেই।

নতুন সিদ্ধান্তের ফলে এলসি খোলার সময় আমদানিকারকদের পুরো আমদানি মূল্যের সমপরিমাণ অর্থ নগদ হিসেবে ব্যাংকে জমা রাখতে হবে না। এতে আমদানিকারকদের তাৎক্ষণিক অর্থের চাপ কমবে এবং ব্যবসার মূলধনও কম আটকে থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ফল আমদানির প্রক্রিয়া সহজ করা, বাজারে সরবরাহ বাড়ানো এবং ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে ফল আমদানিকারকদের মধ্যে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি আমদানির সুযোগও বাড়বে। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে এর ফলে ভোক্তা পর্যায়ে ফলের দাম কমার সুযোগ তৈরি হতে পারে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.