ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে টিম বাংলাদেশকে সহায়তা করছে মিডল্যান্ড ব্যাংক

ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৬-এ টিম বাংলাদেশের অংশগ্রহণে সহায়তা করতে সিলভার স্পন্সর হিসেবে দ্য টেক একাডেমিকে ৫ লাখ টাকার পে-অর্ডার দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

মিডল্যান্ড ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির শিক্ষা খাতের আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে। ১১ আগস্ট ২০২৬ আয়োজিত এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে দ্য টেক একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা শামস জাবেরের কাছে পে-অর্ডারটি হস্তান্তর করেন।

মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৬ আগামী ৭ থেকে ১০ অক্টোবর কোরিয়া প্রজাতন্ত্রের ইনচনে অনুষ্ঠিত হবে। টিম বাংলাদেশ ২০১৭ সাল থেকে এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে এবং ২০২০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শিশুদের জন্য বাংলাদেশের প্রথম রোবোটিকস স্কুল দ্য টেক একাডেমি রোবোটিকস প্রশিক্ষণ, শিক্ষা কার্যক্রম এবং দেশব্যাপী বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে স্টেম বা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষা, রোবোটিকস, উদ্ভাবন ও প্রযুক্তির প্রসারে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষা, যুব উন্নয়ন, উদ্ভাবন ও প্রযুক্তির প্রসারে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে মিডল্যান্ড ব্যাংক এ স্পন্সরশিপ প্রদান করেছে। ব্যাংক বিশ্বাস করে, টিম বাংলাদেশকে এ সহায়তা দেশের তরুণ প্রতিভাবানদের স্টেম শিক্ষা ও উদ্ভাবনে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক রোবোটিকস অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মো. বজলুর রহমান খান, এসভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন; দিদারুল ইসলাম, এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন; আবেদ-উর-রহমান, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস এবং সুশান্ত শেখর দেব, এসএভিপি ও হেড অব ট্রেজারি অ্যান্ড মার্কেট রিস্ক।

দ্য টেক একাডেমির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিফাত সামিয়া ইসলাম, সিনিয়র ম্যানেজার ও হেড অব হিউম্যান রিসোর্সেস; ফায়েজ আলম রেমন, এক্সিকিউটিভ ও থ্রিডি এক্সপার্ট এবং সাহিদা আলমগীর লামিয়া, এক্সিকিউটিভ অব ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং।

এই উদ্যোগের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখা এবং বাংলাদেশের আগামী প্রজন্মের তরুণ উদ্ভাবকদের ক্ষমতায়নে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.