সাধারণ মানুষই চায় ভারত-বাংলাদেশের সম্পর্ক ভালো থাকুক: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত-বাংলাদেশের এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে বসে সমাধান করা সম্ভব নয়। দুই পক্ষকেই নিজেদের ইস্যুগুলো সমাধানে উদ্যোগী হতে হবে। দুই দেশের সাধারণ মানুষই চায়, দেশ দুটির সম্পর্ক ভালো থাকুক।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু আছে, ভবিষ্যতেও থাকবে। এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, আমাদের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা বদলানো যাবে না। আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি। আশা করি, আগামী দিনগুলোও ভালো যাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো, খুবই ভালো আলোচনা হলো। আমার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে। আমাদের ইনভাইটেশন তো আগে থেকে আছে। আমাদের প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া লুকিং ফরোয়ার্ড এবং ইতিবাচক হিসেবে দেখছেন। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি।

দীনেশ ত্রিবেদী বলেন, আমি খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হলো। আর একদম দেখা হওয়ার সঙ্গে সঙ্গে এমনি মনে হয়নি যে প্রথমবার আমি উনার সঙ্গে দেখা করছি। আর তিনি খুবই ভালো, খুবই হাম্বল।’

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুটা সর্ট আউট করতেই হবে দুদিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট, আই এম ভেরি ভেরি কনফিডেন্ট। আমার খুবই খুবই ভালো লাগছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হলো প্রথমবার। আমি দুই নেতার প্রতিই কৃতজ্ঞ।’

এসময় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নিতে ভারত যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘হবে হবে, সবই ভালো, ইতিবাচক সবকিছুই হবে।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.