ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (৯ আগস্ট) বিকেলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার নিখোঁজ হন। সেসময় ইলিয়াস সিলেট বিভাগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। সিলেট-২ আসন থেকে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা যায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে এ ঘটনার সঙ্গে উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন পক্ষ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন।

সাইফুর রহমান এ মামলায় সর্বশেষ অভিযুক্ত ব্যক্তি, যার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে ইলিয়াস আলী গুমের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট মার্শাল) সাইফুর রহমান সাইফকে তার নিজ বাসা থেকে আটক করে। বর্তমানে তিনি বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.