যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
রোববার (০৯ আগস্ট) সকালে এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) বোসরা ইসলাম জানিয়েছেন, ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ বেলা ১২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে রোমে আটকে থাকা বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল পাঠানো হয়। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
বিমান সূত্রে জানা যায়, রোমে আটকে থাকা বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি দ্রুত চলাচলের উপযোগী করতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়। রোমে পৌঁছানোর পর প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনে কাজ শুরু করেন।
গত শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে বিজি-৩০৬ ফ্লাইটটি রোমে আটকে ছিল।
বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন।
ফ্লাইট আটকে যাওয়ার পর রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.