দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সফরে তিনি কক্সবাজারও যাবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, পুনর্বাসন কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
আজ রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
পরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে ফটিকছড়ির পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারতের কথা রয়েছে।
এরপর বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। দিনের কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে তাঁর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.