‘আয়না ঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-আইনজীবীরা

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদরদপ্তরে অবস্থিত বহুল আলোচিত গোপন বন্দিশালা ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ (জেআইসি), যা সাধারণভাবে ‘আয়না ঘর’ নামে পরিচিত, পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত ওই বন্দিশালা পরিদর্শন করবেন তারা।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, অবৈধভাবে আটক ও নির্যাতনের কেন্দ্র হিসেবে এই গোপন বন্দিশালার পরিচিতি রয়েছে। সেখানে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

মামলার আসামিদের তালিকায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক ও পাঁচ পরিচালক রয়েছেন। তাদের মধ্যে সাবেক তিন পরিচালক—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী—ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন এবং নিরপেক্ষ ও প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যেই ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের এই পরিদর্শন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত ১ আগস্ট র‌্যাবের গোপন বন্দিশালা হিসেবে পরিচিত ‘টাস্কফোর্স ইন্টারোগেশন’ (টিএফআই) সেলও পরিদর্শন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.