বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত

বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় বাসের চাপায় ছয় দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়া-নওগাঁ সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে আসা দিনমজুররা অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহত জন কয়েকজন।

ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন আরও তিন জন মারা যান।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.