চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী, স্থগিত লিখিত পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড এ সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে। নতুন সময়সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট সংশ্লিষ্ট দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই নির্ধারিত আসনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে।এদিকে, ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.