সিরাজগঞ্জের কড্ডায় রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মনসুর আলী স্টেশনে প্রবেশের মুহূর্তেই এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন থমকে আছে। ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করে রেলপথ দ্রুত সচল করতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হলেই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে, ট্রেন লাইনচ্যুত হবার পর ট্রেনের যাত্রীরা কড্ডার মোড় থেকে বাসসহ বিভিন্ন যানবাহন যোগে গন্তব্যের রওনা দেয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.