বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ করছে সরকার। এ ধরনের আশঙ্কার ভিত্তিতে বেনজীর আহমেদের জামিন বাতিলের আবেদন জানাতে সরকারের নিয়োজিত আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজীর আহমেদের জামিন বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্তসাপেক্ষে বেনজীর আহমেদকে জামিন দেওয়া হয়েছে। সরকার নিয়োজিত ল ফার্মকে বিষয়টি জানিয়েছি। কি কি শর্ত আছে জানতে সার্টিফাইড কপি তোলার জন্য অনুরোধ করা হয়েছে। যে ল ফার্ম নিয়োজিত আছে তাদেরকে বলা হয়েছে অতিদ্রুত যেন জামিন বাতিলের ব্যবস্থা করতে আদালতে পিটিশন দায়ের করে। কূটনৈতিক প্রক্রিয়াতেই তাকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

এসময় ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই জানিয়ে তিনি বলেন, দলটির নেতারা মাঝে-মধ্যে বিদেশ থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তবে দেশের ভেতরে তৎপরতা চালানোর মতো অবস্থানে তারা নেই। ৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পুলিশ নিয়মিত দায়িত্ব ও নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই দায়িত্ব পালন করবে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এনিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। একটি গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের তৎপরতার বিষয়ে সতর্ক রয়েছে।

আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনায় তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ সদস্যদের সতর্ক করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। তাদের নিশ্চিত করতে বলা হয়েছে, যেন পুলিশের কোনো গাড়ি আনঅ্যাটেন্ডেড (অরক্ষিত) না থাকে। এটা নর্মাল প্র্যাকটিস। এটাকে অন্যভাবে নেয়ার কোনো কারণ নেই। সতর্ক আমরা সবসময় আছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.