ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে ব্যবসায়ী মহল থেকেই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক।
এর আগে তিনি বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সঙ্গেও যুক্ত রয়েছেন।
রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন মো. ফজলুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে গত ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে সংগঠনটির সদস্যদের একাংশ আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে একই বছরের ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
মো. হাফিজুর রহমান এক বছর দায়িত্ব পালন করলেও তার মেয়াদে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরপর বাণিজ্য সংগঠন বিধিমালার বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ করে একাধিক ব্যবসায়ী আদালতে রিট করলে নির্বাচন স্থগিত হয়ে যায়।
তার মেয়াদ শেষে প্রায় দেড় মাস প্রশাসকের পদ শূন্য থাকার পর ২০২৫ সালের অক্টোবরে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হলেও মামলাজনিত কারণে তিনিও নির্বাচন আয়োজন করতে পারেননি। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তার মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়, যা ২৬ জুন শেষ হয়।
এর আগে মে মাসে এফবিসিসিআই সংস্কার পরিষদের নেতারা ব্যবসায়ী প্রশাসক নিয়োগসহ বিভিন্ন দাবিতে তৎকালীন প্রশাসক আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.