দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ভিসা, মাস্টারকার্ড এবং আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে অ্যাড মানি সেবাকে আরও নিরাপদ করতে নতুন কয়েকটি নিরাপত্তা ফিচার যুক্ত করেছে।
শনিবার (১ আগস্ট) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন সুবিধা অনুযায়ী, এখন থেকে কোনো গ্রাহক প্রথমবার একটি কার্ড থেকে অ্যাড মানি সেবা ব্যবহার করতে চাইলে সেই কার্ডটি বিকাশ অ্যাপে সেভ করতে হবে। তবে যেসব কার্ড আগে থেকেই বিকাশ অ্যাপে সেভ করা আছে, সেগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
কার্ড সেভ করার সময় বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবির সঙ্গে মিলিয়ে গ্রাহককে লাইভ সেলফির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় নিশ্চিত করতে হবে।
এ ছাড়া কার্ড সেভ করার সময় গ্রাহককে ৫০০ টাকার একটি অ্যাড মানি লেনদেন সম্পন্ন করতে হবে। প্রথম অ্যাড মানি করার ২৪ ঘণ্টা পর থেকে গ্রাহক নিয়মিতভাবে সেভ করা কার্ড ব্যবহার করে অ্যাড মানি সেবা গ্রহণ করতে পারবেন।
একজন গ্রাহক তাঁর বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ পাঁচটি কার্ড সেভ করতে পারবেন।
বিকাশ জানায়, কার্ড থেকে অ্যাড মানি সেবার মাধ্যমে গ্রাহক দিনরাত যেকোনো সময় ঘরে বসেই ক্যাশলেস লেনদেন করতে পারেন। ভিসা, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে অর্থ যোগ করে অনলাইন ও অফলাইন কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ, সঞ্চয়, ইনস্যুরেন্স প্রিমিয়াম পরিশোধসহ বিকাশের বিভিন্ন সেবা ব্যবহার করা যায়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নত নিরাপত্তা প্রযুক্তিতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে লেনদেনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিকাশ।
বিকাশের মতে, নতুন এই নিরাপত্তা ফিচারগুলো গ্রাহকদের জন্য আরও সুরক্ষিত ও নির্বিঘ্ন ডিজিটাল লেনদেন নিশ্চিত করার পাশাপাশি দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি আস্থা আরও জোরদার করবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.