ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত আব্দুল হাই সরকার

ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আগামী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আব্দুল হাই সরকার।

সিরাজগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী আব্দুল হাই সরকার ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর (এম.কম.) ডিগ্রি অর্জন করেন। পরে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসায় যুক্ত হয়ে দেশের একজন খ্যাতিমান শিল্পোদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর নেতৃত্ব, উদ্যোক্তা-সুলভ চিন্তাশক্তি ও নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ‘পূর্বাণী গ্রুপ’।

আব্দুল হাই সরকার ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক। এছাড়া তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হিসেবে টানা চার মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য এবং যুক্তরাজ্যের লিভারপুলভিত্তিক ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের সাবেক অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আব্দুল হাই সরকার সামাজিক কল্যাণ ও কমিউনিটি উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সমাজে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান তাঁকে সম্মাননা দিয়েছে। বাণিজ্য ও শিল্প খাতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ‘কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি)’ মর্যাদায় ভূষিত করেছে।

ঢাকা ব্যাংক জানায়, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তাঁর পুনর্নির্বাচন ব্যাংকের প্রতি পরিচালনা পর্ষদের আস্থারই বহিঃপ্রকাশ। তাঁর অভিজ্ঞ নেতৃত্ব ও দিকনির্দেশনায় ব্যাংকটি আগামী দিনেও সুশাসন, উৎকর্ষ ও টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহক, শেয়ারহোল্ডার এবং অন্যান্য অংশীজনের জন্য আরও বেশি মূল্য সৃষ্টি করতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.