রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২৯ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগে ৮ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধ দমন অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.