এসএমই উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে বিএসইসি-এসএমই ফাউন্ডেশনের যৌথ প্রশিক্ষণ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের জন্য দুই দিনব্যাপী ‘ট্রেনিং অন ক্যাপিটাল রেইজিং বাই পাবলিক অফার ফর এসএমই এন্টারপ্রেনারস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ ও ২৯ জুলাই বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত এ প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা দেশের অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে কীভাবে ব্যবসা সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে এ প্রশিক্ষণ থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা গেলেও তা সাধারণত স্বল্পমেয়াদি হয় এবং নিয়মিত সুদ-আসল পরিশোধের চাপ থাকে। অন্যদিকে পুঁজিবাজার থেকে কীভাবে মূলধন সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করা যায়, সে বিষয়ে বাস্তব ধারণা দিতে এই প্রশিক্ষণ উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান। তিনি বলেন, পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে উদ্যোক্তারা যেন পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সে আহ্বানও জানানো হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মতামত গ্রহণ করা হলে তারা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে আগ্রহী হয়েছেন।

প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠান, যেমন বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল এবং ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করেন। দুই দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.