বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি: ভারতীয় হাইকমিশনার

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না এমন প্রশ্নে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা সম্পূর্ণ তাঁর বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশ সরকার-প্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি খুব শিগ‌গিরই এই সফরটি বাস্তবায়িত হবে।

বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ত্রিবেদী।

ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে আসার পর দীনেশ ত্রিবেদীর এটাই প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো।

খুবই উষ্ণ পরিবেশে বৈঠক হয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে এমনকি খেলাধুলা, ক্রিকেট নিয়েও কথা হয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হোক, ওয়ার্কিং গ্রুপ তাদের কাগজপত্র নিয়ে বসুক, সবকিছু ইতিবাচক হবে। এমন কোনও সমস্যা নেই যে যেটা সমাধান করা সম্ভব না, যাতে দুই দেশের পারস্পরিক সুবিধা হয়।

গঙ্গাচুক্তি নবায়নের বিষয়ে তিনি বলেন, দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে, আশা করি তাদের মেলামেশা হবে। এমন কোনও সমস্যা নেই, যা সমাধান করা যাবে না। দুই দেশের মানুষের স্বার্থে যা যা প্রয়োজন তা করা হবে।

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আবার চালু হওয়ার কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ উভয় দেশের জনগণের জন্য এটা খুবই সুবিধাজনক। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক। আমাদের শুধু সীমান্ত নয়, অভিন্ন সংস্কৃতি ও স্বপ্নও রয়েছে। তাই বৈঠকটা খুবই ভালো হয়েছে। উভয়পক্ষের জনগণের জন্য লাভজনক হয় এমন সম্পর্কের ভিত্তি গড়ে তোলার অপেক্ষায় রয়েছি আমি।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.