তিন বছরের জন্য এইচ-১বি ভিসা স্থগিতের বিল, ফি ১ লাখ ডলারের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য স্থগিতের প্রস্তাব করে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটিতে এই ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করার সুপারিশও করা হয়েছে।

গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেছেন। সিনেট অধিবেশনে বিলটির পক্ষে যুক্তি দিয়ে সিনেটর টিম শিহি বলেছেন, “এইচ-১বি ভিসার প্রধান উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মীদের ঘাটতি দূর করা। মার্কিন কর্মীদের বাদ দিয়ে কম বেতনে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া কখনও এই ভিসার উদ্দেশ্য ছিল না।”

উল্লেখ্য, এইচ-১বি একটি বিশেষায়িত কর্মীভিসা। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের আসার পথ সুগম করতেই এই ভিসা কর্মসূচি চালু করেছিল সরকার। তবে গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই ভিসা ক্রমশ দুর্লভ হয়ে উঠছে।

তিন বছর পর এইচ-১বি ভিসা চালুর পর ভিসা ফি ১ লাখ ডলারে উন্নীত করা, বার্ষিক এইচ-১বি ভিসার কোটা ২৫ হাজারে নামিয়ে আনা, ন্যূনতম বেতন ২ লাখ ডলার বাধ্যতামূলক করা, বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মজুরিভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা, তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ নিষিদ্ধ করার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বন্ধ করা, এইচ-১বি ভিসাকে স্থায়ী বসবাসের অনুমতিতে রূপান্তরে বাধা দেওয়া এবং এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা প্রতিরোধ করারও প্রস্তাব করা হয়েছে।

অভিবাসন আইনজীবীরা গণমাধ্যমকে বলেছেন, এই পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত এবং দক্ষ অভিবাসন ব্যবস্থাকে প্রায় পুরোপুরি নতুন করে ঢেলে সাজানোর শামিল হবে।

রয়টার্সের তথ্য অনুসারে, এই বিলটি এমন এক সময়ে এসেছে, যখন কয়েক সপ্তাহ আগে একটি মার্কিন ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের ১ লাখ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে নিম্ন আদালতের সেই রায়টি বহাল থাকছে। নিম্ন আদালতের রায়ে এই ফি-কে একটি বেআইনি কর হিসেবে ঘোষণা করা হয়েছিল; কারণ এই ফি কংগ্রেস দ্বারা অনুমোদিত ছিল না।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৬৫ হাজার ভিসা ইস্যু করা হয়। এর পাশাপাশি দেশটিতে উচ্চতর ডিগ্রিধারী আবেদনকারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা সংরক্ষিত থাকে।

ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের নিয়োগের জন্য প্রযুক্তি সংস্থাগুলো এই কর্মসূচিটি ব্যাপকভাবে ব্যবহার করে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.