আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) প্রথম কারখানার উৎপাদন কার্যক্রম দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দেওয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্ধারিত সময়সীমার মধ্যেই উৎপাদন শুরুর অঙ্গীকার করেছে ডেভেলপার প্রতিষ্ঠান।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন বেজা নির্বাহী চেয়ারম্যান।
অনুষ্ঠানে বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, গত মাসে প্রধানমন্ত্রীর চীন সফরকালে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জোনটি চালু করতে প্রাথমিকভাবে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে বলে জানানো হলেও প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর লক্ষ্য নির্ধারণ করে দেন। এরপর ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানও নির্ধারিত সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
চীনা বিনিয়োগকারীদের প্রতি পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়ে আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা আমাদের অতিথিস্বরূপ। তারা বিনিয়োগ থেকে মুনাফা অর্জনের পাশাপাশি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। এই অর্থনৈতিক অঞ্চল দ্রুত কার্যকর হলে এলাকাটির চিত্র সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও অধিবাসীদের বিনিয়োগকারীদের পাশে থেকে সহায়তা করার আহ্বান জানান।
বেজা নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। দেশের উন্নয়নের জন্য বিনিয়োগের কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবার সহযোগিতা কামনা করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.