পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ খোরশেদ আলমকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে।
এ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে আরএকে সিরামিকস জানায়, ব্যবসায়িক কৌশল প্রণয়ন, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক উন্নয়ন ও করপোরেট ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আরএকে সিরামিকসে যোগ দিয়েছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের কৌশলগত প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে আশা করছে আরএকে সিরামিকস বাংলাদেশ। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে খোরশেদ আলম প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত দিকনির্দেশনার নেতৃত্ব দেবেন। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি, পরিচালনাগত উৎকর্ষ বৃদ্ধি, উদ্ভাবন এবং গ্রাহক ও অংশীজনদের জন্য অধিকতর মূল্য সৃষ্টিতে তিনি ভূমিকা রাখবেন।
বর্তমানে বিশ্বমানের উৎপাদন সুবিধা, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী পণ্যের বৈচিত্র্য এবং দেশব্যাপী শক্তিশালী পরিবেশক নেটওয়ার্কের মাধ্যমে আরএকে সিরামিকস বাংলাদেশ দেশীয় ও আন্তর্জাতিক—উভয় বাজারেই কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.