প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন এবং আধুনিকায়ন বিষয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

সভায় জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিকল্প ব্যবস্থা উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে।

এছাড়া আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যরা এ বিষয়ে মতামত দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.