ক্ষেপণাস্ত্রের ঘাটতির শঙ্কায় ইরানে হামলা জোরদারের সিদ্ধান্ত স্থগিত ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার মজুত কমে যাওয়ার আশঙ্কার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর শীর্ষ উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, গত শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে আকাশপথে হামলা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে জাতীয় নিরাপত্তা–সংশ্লিষ্ট শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে পরামর্শের পর আপাতত সেই পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নেন।

মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, একান্ত বৈঠকে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর সক্ষমতা রাখলেও ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত শেষ হয়ে যেতে পারে।

এই আশঙ্কার পরিপ্রেক্ষিতেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও সম্প্রসারণের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.