অধিকৃত পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেটেলাররা। তারা নাবলুসের কুসরা গ্রামের একটি মসজিদে আগুন দেয় এবং মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দটি লিখে যায়।
এদিকে উত্তর-পূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামেও সেটেলাররা ফিলিস্তিনিদের একাধিক গাড়িতে আগুন দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের ঘটনাও ঘটে।
ফিলিস্তিনি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেটেলাররা একটি গ্রামের প্রবেশমুখে অবস্থান নিয়ে গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। একটি গাড়ি গ্রামে প্রবেশের চেষ্টা করলে সেটিকে জোরপূর্বক ঘুরিয়ে দেওয়া হয়।
এর আগে শুক্রবার সকালে পশ্চিমতীরের তেল গ্রামে অস্ত্র নিয়ে প্রবেশ করে একদল ইসরায়েলি সেটেলার। এ সময় তারা স্থানীয় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। প্রত্যুত্তরে এক ফিলিস্তিনি একজন সেটেলারের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালালে দুই ইসরায়েলি নিহত হয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন।
ইসরায়েল নিহত ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে। তবে ফিলিস্তিনিদের দাবি, তারা নিজেদের গ্রাম রক্ষার চেষ্টা করছিলেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের অভিযোগ, অস্ত্রধারী সেটেলারদের হামলার বিষয়টি উপেক্ষা করে তাদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.