ক্যাশলেস বাংলাদেশ গঠনে বাংলা কিউআর নিয়ে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদ মার্কেট এবং আশপাশের এলাকায় বাংলা কিউআর সম্পর্কিত একটি জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) এ কার্যক্রমের অংশ হিসেবে মসজিদ মার্কেট এলাকায় বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। এরপর বায়তুল মোকাররম মার্কেট প্রদক্ষিণ করে একটি র‌্যালি অনুষ্ঠিত হয় এবং লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা মো. মনিতুর রহমান এবং প্রধান শাখা ব্যবসা ও অপারেশনস প্রধান হেলাল আহমেদ। অনুষ্ঠানে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সহ-সভাপতি মো. নাসিরউদ্দিন গাজী, বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী মিজানসহ স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও নির্বিঘ্ন করে তুলবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য কিউআরভিত্তিক লেনদেন একটি সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী সমাধান। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় আইএফআইসি ব্যাংক সারাদেশে ক্যাশলেস লেনদেনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ১৪ হাজার মার্চেন্টকে আমাদের ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের আওতায় এনেছি এবং এই কার্যক্রম আরও সম্প্রসারণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

আইএফআইসি ব্যাংক দেশের সর্বস্তরের মানুষকে আধুনিক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবার আওতায় আনতে ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখার বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.