আন্তর্জাতিক ডেস্ক: ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রধানের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক এবার নতুন এক কূটনৈতিক মাত্রা পেতে পারে।
একটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বিশ্বাস, ইনফান্তিনো বিশ্বজুড়ে একজন সম্মানিত ব্যক্তিত্ব। সফলভাবে একটি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা তাকে বিশ্বনেতা হিসেবে বিশেষ সক্ষমতা দিয়েছে বলেও মনে করেন তিনি।
বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরে তার মেয়াদ শেষ হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন।
তবে এই পদে যেতে হলে ইনফান্তিনোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের সমর্থন অর্জন করতে হবে। এছাড়া পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশের ভেটো তার প্রার্থিতাকে আটকে দিতে পারে।
এদিকে, জাতিসংঘের বিষয়ে ট্রাম্পের অবস্থান বরাবরই কঠোর। নতুন করে ক্ষমতায় আসার পর তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। পাশাপাশি জাতিসংঘের তহবিলেও ব্যাপক কাটছাঁট করেছেন।
অন্যদিকে, ফিফাতেও ইনফান্তিনোর সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ২০২৭ সালের মার্চে ফিফা কংগ্রেসে তার পুনর্নির্বাচনের বিষয়টি নির্ধারিত হবে। তিনি শেষ পর্যন্ত এই পদে আগ্রহী থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.