ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও পুলিশি আটকের ঘটনার পর কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের বাইরে অবস্থান কর্মসূচি চলাকালে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, বিক্ষোভ দমনের ঘটনায় প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা, বিষয়টি সংসদে আলোচনার ব্যবস্থা করা এবং দ্রুত শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার করা।
রাহুল গান্ধী বলেন, ভারতের শিক্ষা ব্যবস্থা কেন ভেঙে পড়ছে, কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন শিক্ষার ব্যয় এত বেশি এবং কেন সন্তানদের পড়াতে গিয়ে পরিবারগুলো আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছে— এসব প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তিনি জানান, বিরোধী দলগুলো সংসদের উভয় কক্ষেই এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা চায়।
এদিকে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে রাহুল বলেন, শিক্ষার্থীদের অধিকারের জন্য যারা আন্দোলন করছেন, তাদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন, সরকার সংসদে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত থাকলেও কংগ্রেস বিতর্কের পরিবর্তে রাজনৈতিক সংঘাতের পথ বেছে নিয়েছে। তার অভিযোগ, রাহুল গান্ধী আগের অবস্থান থেকে সরে এসে এখন কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও কংগ্রেসের সমালোচনা করে বলেন, সরকার যখন আলোচনার জন্য প্রস্তুত, তখন কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের বদলে রাজনৈতিক নাটক করছে। তার দাবি, শিক্ষার্থীদের সমস্যার সমাধান নয়, বরং রাজনৈতিক ফায়দা অর্জনই কংগ্রেসের মূল লক্ষ্য।
নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে সরকার ও বিরোধী দলের এই পাল্টাপাল্টি অবস্থান ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
সুত্র: এনডিটিভি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.