জ্বালানি তেল নিয়ে গুজব, রাজশাহীতে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি

ফরাজশাহীতে আবারও জ্বালানি তেল নিয়ে ছড়ানো গুজবে ফিলিং স্টেশনগুলোতে গাড়ি ও মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ৯টা থেকে হঠাৎ রাজশাহী নগরীসহ পুরো জেলার পাম্পগুলোতে সাধারণ মানুষের মধ্যে তেল কেনার হিড়িক পড়ে যায়। ভিড়ের চাপে কোনো কোনো ফিলিং স্টেশনে রাত ১০টার মধ্যেই তেল ফুরিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, গত প্রায় তিন মাস আগে তেলের সংকটের সময় যে ভোগান্তির মুখোমুখি হতে হয়েছিল, তার পুনরাবৃত্তি এড়াতেই মূলত চালকেরা তড়িঘড়ি করে তেল কিনতে পাম্পে ছোটেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিড়ের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়ে যায়।

তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল সংকটের কোনো তথ্য বা বার্তা তাদের কাছে নেই। তা সত্ত্বেও মানুষ শঙ্কা থেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে নিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতেই রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে জানানো হয়- জেলায় তেলের কোনো সংকট নেই। অযথা অতিরিক্ত তেল কেনা ও তা মজুত করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বুধবার সকালে সাধারণ মানুষকে সচেতন করতে নগরীতে মাইকিং পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে বর্তমানে পেট্রোল, অকটেন ও ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক ও ঠিকঠাক রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.