হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত, হত্যাকারীদের খুঁজছে পুলিশ

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, নিহত সাগরের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ভাগলপুর লেন এলাকার বাসিন্দা এবং মৃত শাহাদত হোসেনের ছেলে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি বেকার ছিলেন।

তিনি আরও জানান, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.