পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন চরাঞ্চলের বাসিন্দারা।

পানির উচ্চতা বাড়তে শুরু করায় নদীতীরবর্তী নিচু এলাকার কৃষিজমি ও ফসলের ক্ষেত ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে। বুধবার (২২ জুলাই) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নদীতে পানির প্রবল চাপের কারণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ, যাতে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা যায়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পরিস্থিতি মোকাবিলায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.