দিল্লিমুখী কৃষকদের শম্ভু সীমান্তে আটকাল পুলিশ

প্রস্তাবিত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে পাঞ্জাব থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া শত শত কৃষককে হরিয়ানা-পাঞ্জাবের শম্ভু সীমান্তে পুলিশ আটকে দিয়েছে। ফলে কৃষকেরা সীমান্তেই সমাবেশ করেন এবং দিল্লিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ তোলেন।

কৃষক সংগঠনগুলোর দাবি, প্রস্তাবিত চুক্তি শুধু বাণিজ্য নয়; কৃষি, দুগ্ধ, শিল্প, ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, বিনিয়োগ, সরকারি ক্রয়, মেধাস্বত্ব ও সেবা খাতেও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। তাদের আশঙ্কা, কম শুল্কে ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করলে লাখ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রতিযোগিতায় টিকতে পারবেন না।

কৃষক নেতারা আরও অভিযোগ করেন, চুক্তি নিয়ে পর্যাপ্ত স্বচ্ছতা নেই এবং এর গুরুত্বপূর্ণ নথি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তাদের মতে, ভারতের প্রায় ৮ কোটি গ্রামীণ পরিবার দুগ্ধ খাতের ওপর নির্ভরশীল; ফলে এ খাত ক্ষতিগ্রস্ত হলে পুরো গ্রামীণ অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে তারা প্রস্তাবিত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তির সব নথি প্রকাশ এবং চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.