মঙ্গলবার দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
সোনার নতুন দর আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
নতুন দরে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
এদিকে বিশ্ববাজারে আজ সোনার দাম আউন্সপ্রতি ৩৭ ডলার বেড়েছে বলে জানিয়েছে গোল্ড প্রাইস ডট অর্গ। তবে গত এক মাসে সোনার দাম আউন্সপ্রতি ১৭২ ডলার কমেছে।
গত সপ্তাহের মঙ্গলবার সোনার দাম কমানোর আগে আগের ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩৩১ ডলার কমেছিল। অর্থাৎ গত এক সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়না কেনার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ওপর ভ্যাট কমিয়ে প্রতি ভরি গয়নার জন্য ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ভ্যাট ছিল মোট মূল্যের ৫ শতাংশ।
অন্যদিকে, আজ রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.