ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায় দফায় ধাওয়া, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। তরুণ-তরুণীদের ফেসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ১১৮ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে পুলিশকে লক্ষ্য করে হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি, সহিংস আচরণ এবং সরকারি যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগে ঘটনাস্থল থেকে অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতের প্রধান তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (নিট)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে রয়েছে ফেসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি।
সোমবার দাবির সমর্থনে নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সিজেপির। তবে সকালে ‘সংসদ চলো’ কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ পদযাত্রায় বাধা দেয় এবং সেটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জও করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে ছত্রভঙ্গ হওয়ার কিছু সময়ের মধ্যেই আবার যন্তর মন্তর এলাকায় জড়ো হন সিজেপি সমর্থকরা এবং কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ফের বাধা দিতে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
৭০ জনকে গ্রেপ্তারের বিষয়ে দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “এই বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করেছেন। পাশাপাশি বারবার পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন, সরকারি যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছেন এবং এমন মাত্রার সহিংসতা উসকে দিয়েছেন, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।”
পুলিশের তথ্যমতে, আহত ১১৮ জনের বেশি কর্মকর্তার মধ্যে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি স্পেশাল কমিশনার অব পুলিশ, জয়েন্ট কমিশনার অব পুলিশ, অ্যাডিশনাল কমিশনার অব পুলিশ, ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ এবং কয়েকজন নারী পুলিশ সদস্যও রয়েছেন।
অবশ্য পুলিশের লাঠিচার্জে সিজেপি সমর্থকরাও আহত হয়েছেন বলে বিবৃতিতে স্বীকার করা হয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সোমবারের কর্মসূচিতে ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের অনেকেই এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.